> For the complete documentation index, see [llms.txt](https://haquenam.gitbook.io/learningwithenam/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://haquenam.gitbook.io/learningwithenam/banglacybersecurity101/cybersecurity-training-in-bangla.md).

# সাইবার সিকিউরিটি ১০১ (Cybersecurity Training in Bangla): শূন্য থেকে পেশাদার

<figure><img src="/files/zah3DFOeYUZkmkRuKkim" alt=""><figcaption></figcaption></figure>

#### স্বাগতম বার্তা

প্রিয় পাঠক,

সাইবার সিকিউরিটি ১০১ কোর্সে আপনাকে আন্তরিক স্বাগতম।

এই গিটবুকটি তৈরি করা হয়েছে যাতে আপনি সহজ সরল বাংলায় সাইবার সিকিউরিটির মৌলিক বিষয়গুলো শিখতে পারেন। এখানে আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লেকচারগুলোর সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ ধারণার ব্যাখ্যা, অনুশীলন প্রশ্ন এবং হাতে কলমে শেখার জন্য প্রয়োজনীয় তথ্য পাবেন।

এই কোর্সটি দুই ধরনের মানুষের জন্য তৈরি। প্রথমত যারা নিজেকে এবং পরিবারকে অনলাইন বিপদ থেকে রক্ষা করতে চান। দ্বিতীয়ত যারা সাইবার সিকিউরিটিতে পেশাদার ক্যারিয়ার গড়তে চান।

আমার লক্ষ্য হলো ডিজিটাল যুগে আপনাকে নিরাপদ রাখা এবং প্রয়োজনে এই ক্ষেত্রে কাজ করার দক্ষতায় সমৃদ্ধ করা। শিক্ষার এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত।

নিরাপদ থাকুন, শেখা চালিয়ে যান এবং অন্যদেরও শেখান। ধন্যবাদ।

এনামুল হক

[ডিজিটাল ডিপ ডাইভ](https://www.youtube.com/@authorenam)

{% embed url="<https://youtu.be/Vic6aSCRPNg>" %}

***

#### কেন এই কোর্স

গত বছর একজন মেসেজ করলেন।

লিখলেন যে তার মায়ের বিকাশ থেকে সাতান্ন হাজার টাকা গায়েব হয়ে গেছে। একটা ফোন এসেছিল। বলল বিকাশ অফিস থেকে বলছি। মা ভয় পেয়ে ওটিপি বলে দিলেন। ব্যস।

লিখলেন যে তার মায়ের বিকাশ থেকে সাতান্ন হাজার টাকা গায়েব হয়ে গেছে। একটা ফোন এসেছিল। বলল বিকাশ অফিস থেকে বলছি। মা ভয় পেয়ে ওটিপি বলে দিলেন। ব্যস।

আরেকজন লিখলেন যে তার ফেসবুক হ্যাক হয়েছে। হ্যাকার তার নাম দিয়ে বন্ধুদের কাছে টাকা চেয়েছে। তিনজন বন্ধু টাকা পাঠিয়েও দিয়েছে।

এরকম মেসেজ প্রতিদিন আসে। ইউটিউবে আসে। ফেসবুকে আসে। ইমেইলে আসে। কেউ না কেউ লিখছে যে টাকা গেছে, একাউন্ট হ্যাক হয়েছে, চাকরির নামে প্রতারণা হয়েছে।

এই মেসেজগুলো পড়তে পড়তে আমি বুঝলাম যে মানুষকে শেখানো দরকার। এখনই দরকার।

তাই এই কোর্স।

#### এই কোর্স কাদের জন্য

এই কোর্স দুই ধরনের মানুষের জন্য।

প্রথম দল হলো যারা নিজেকে বাঁচাতে চান।

আপনি হয়তো গৃহিণী। বিকাশে টাকা রাখেন। ফেসবুকে ছবি দেন। হোয়াটসঅ্যাপে পরিবারের সাথে কথা বলেন। অথবা আপনি ছোট ব্যবসা করেন। দোকানের হিসাব ফোনে রাখেন। কাস্টমারের নম্বর সেভ করে রাখেন। অথবা আপনি বাবা কিংবা মা। সন্তান ইন্টারনেট ব্যবহার করে। চিন্তা হয় যে ওরা কী দেখছে, কার সাথে কথা বলছে।

আপনাদের জন্য এই কোর্সের প্রথম পাঁচটি মডিউল। এটুকু শিখলেই আপনি নব্বই ভাগ নিরাপদ।

দ্বিতীয় দল হলো যারা এটাকে পেশা বানাতে চান।

সাইবার সিকিউরিটি এখন পৃথিবীর সবচেয়ে দ্রুত বাড়তে থাকা পেশাগুলোর একটা। প্রতিটা ব্যাংকের দরকার সিকিউরিটি বিশেষজ্ঞ। প্রতিটা কোম্পানির দরকার। সরকারি অফিসের দরকার। কিন্তু প্রশিক্ষিত মানুষ নেই।

এই কোর্স শেষ করলে আপনি ঢুকতে পারবেন এই পেশায়। ঘরে বসে কাজ করতে পারবেন। দেশে এবং বিদেশে চাকরি পাবেন। এবং সবচেয়ে বড় কথা হলো এর জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাগে না। লাগে দক্ষতা। সেই দক্ষতা এই কোর্স দেবে।

#### গিটবুক সম্পর্কে

ইউটিউবে ভিডিও দেখবেন। কিন্তু শুধু ভিডিও দেখে কি শেখা হয়?

আমরা ছোটবেলায় যা শিখেছি সেটা কীভাবে শিখেছি? বই পড়েছি। খাতায় লিখেছি। অনুশীলন করেছি। তারপর শিখেছি।

এই গিটবুক সেই বইয়ের কাজ করবে।

প্রতিটা ভিডিওর জন্য এখানে পাবেন ভিডিওর সারসংক্ষেপ, গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, অনুশীলনী এবং হাতে কলমে কাজ।

ভিডিও দেখুন। তারপর এখানে এসে পড়ুন। অনুশীলন করুন। তাহলেই শেখা হবে।

#### কোর্সের কাঠামো

<figure><img src="/files/MhKeCC1IIFqeU3gu6j2j" alt=""><figcaption></figcaption></figure>

এই কোর্সে আটটি মডিউল আছে। মোট আটাশটি ভিডিও।

প্রথম পাঁচটি মডিউল হলো নিজেকে বাঁচানোর জন্য। বিকাশ আর নগদ কীভাবে নিরাপদ রাখবেন সেটা শিখবেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম কীভাবে সুরক্ষিত করবেন সেটা শিখবেন। ফোন আর কম্পিউটার কীভাবে নিরাপদ রাখবেন সেটা শিখবেন।

পরের তিনটি মডিউল হলো পেশাদার হওয়ার জন্য। প্রযুক্তির গভীরে যাবেন। হ্যাকাররা কীভাবে আক্রমণ করে সেটা শিখবেন। কীভাবে সেই আক্রমণ ঠেকাতে হয় সেটা শিখবেন।

কোর্স শেষে পরীক্ষা দিয়ে সনদ নিতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে।

#### শুরু করবেন কীভাবে

বাম দিকে তাকান। সেখানে মডিউলগুলোর তালিকা দেখতে পাবেন।

মডিউল ১ দিয়ে শুরু করুন। প্রথম ভিডিও দেখুন। তারপর এখানে এসে পড়ুন।

ধীরে ধীরে এগোন। তাড়াহুড়ো নেই। মনে রাখবেন এটা দৌড় না। এটা হাঁটা। ধৈর্য ধরে হাঁটলেই গন্তব্যে পৌঁছাবেন।
